পাইলট হওয়ার স্বপ্ন অনেকেরই থাকে, তবে উচ্চ ব্যয় ও সীমিত সুযোগের কারণে অনেক মেধাবী শিক্ষার্থীর সেই স্বপ্ন পূরণ হয় না। এই বাস্তবতাকে সামনে রেখে নতুন উদ্যোগ নিয়েছে ইউএস–বাংলা এয়ারলাইন্স। মেধাবী শিক্ষার্থীদের মধ্য থেকে ক্যাডেট পাইলট তৈরি করতে বিশেষ কর্মসূচি শুরু করেছে দেশের অন্যতম এই বেসরকারি বিমানসংস্থা।
২০১৪ সালের ১৭ জুলাই দুটি ড্যাশ–৮ কিউ৪০০ উড়োজাহাজ দিয়ে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। বর্তমানে ইউএস–বাংলার বহরে ৩টি এয়ারবাস এ৩৩০–৩০০, ৯টি বোয়িং ৭৩৭–৮০০সহ মোট ২৫টি উড়োজাহাজ রয়েছে। খুব শিগগিরই আরও চারটি এয়ারবাস এ৩৩০–৩০০ ও এটিআর ৭২–৬০০ উড়োজাহাজ যুক্ত হওয়ার কথা রয়েছে।
বিমান বহর সম্প্রসারণের সঙ্গে সঙ্গে দক্ষ পাইলটের চাহিদাও বাড়ছে। বৈশ্বিকভাবে বিমান শিল্পে পাইলট সংকটের প্রেক্ষাপটে ভবিষ্যৎ চাহিদা পূরণে পরিকল্পিতভাবে পাইলট তৈরির উদ্যোগ নিয়েছে ইউএস–বাংলা। এ লক্ষ্যে গত তিন বছর ধরে কাজ করছে প্রতিষ্ঠানটি। চলতি বছর যুক্তরাষ্ট্রের বিভিন্ন ফ্লাইং একাডেমিতে প্রশিক্ষণের জন্য ক্যাডেট পাইলট নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে।
নির্বাচিত শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে ফ্লাইট ট্রেনিং সম্পন্ন করে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের কমার্শিয়াল পাইলট লাইসেন্স (এফএএ সিপিএল) অর্জনের সুযোগ পাবেন। প্রশিক্ষণ সফলভাবে শেষ করলে তারা ইউএস–বাংলা এয়ারলাইন্সে ট্রেইনি ফার্স্ট অফিসার হিসেবে যোগ দিতে পারবেন।
ক্যাডেট পাইলট প্রোগ্রামে আবেদনের জন্য বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসিতে উচ্চ ফলাফল থাকতে হবে। এসএসসিতে ইংরেজিতে ন্যূনতম জিপিএ ৪সহ মোট জিপিএ ৫ থাকতে হবে। পদার্থবিজ্ঞান, সাধারণ গণিত ও উচ্চতর গণিতের মধ্যে অন্তত দুই বিষয়ে জিপিএ ৫ এবং অন্যটিতে ন্যূনতম জিপিএ ৪ থাকতে হবে। এইচএসসিতেও ইংরেজিতে জিপিএ ৪সহ মোট জিপিএ ৫ এবং পদার্থবিজ্ঞান ও গণিতে ভালো ফল থাকতে হবে। বিকল্প হিসেবে ‘ও’ ও ‘এ’ লেভেলের নির্ধারিত ফলাফল থাকলেও আবেদন করা যাবে। স্নাতক ডিগ্রি থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
নির্বাচন প্রক্রিয়ার ধাপগুলো হলো আইকিউ টেস্ট, লিখিত পরীক্ষা (ইংরেজি, গণিত ও পদার্থবিজ্ঞান), পাইলট অ্যাপটিটিউড টেস্ট, সাইকোমেট্রিক পরীক্ষা, মেডিকেল পরীক্ষা এবং মৌখিক সাক্ষাৎকার।
আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৫ বছর হতে হবে এবং অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। উচ্চতা ছেলেদের ক্ষেত্রে কমপক্ষে ১৬৮ সেমি ও মেয়েদের ক্ষেত্রে ১৬৪ সেমি হতে হবে। দৃষ্টিশক্তি ৬/৬ থাকতে হবে এবং প্রার্থীকে অধূমপায়ী ও নন–অ্যালকোহলিক হতে হবে। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা থাকলে আবেদন অযোগ্য বলে বিবেচিত হবে।
আগ্রহী শিক্ষার্থীরা ইউএস–বাংলা এয়ারলাইন্সের ওয়েবসাইটের ক্যারিয়ার পেইজে সরাসরি আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১১ এপ্রিল ২০২৬।