রবিবার, মার্চ ২২, ২০২৬
রবিবার, মার্চ ২২, ২০২৬

পর্যটকের উপস্থিতিতে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকদের উপস্থিতি বাড়তে শুরু করেছে। রবিবার (২২ মার্চ) ঈদের দ্বিতীয় দিন সকাল থেকেই পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সমুদ্র সৈকতের প্রতিটি পয়েন্ট।

গতকাল ঈদের দিন বিকেলে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করেই সমুদ্র সৈকতে ভিড় করেন পর্যটকরা। বিশেষ করে সৈকতের আকাশে দীর্ঘ সময় ধরে ভেসে থাকা রংধনু, মেঘ সরে যাওয়ার পর দিনের শেষ বেলার মনোমুগ্ধকর সূর্যাস্ত আর হিমেল হাওয়া পর্যটকদের ঈদ আনন্দ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, রমজানের একমাস যেন নিস্তব্ধ ছিল সাগর পাড়। তবে ঈদের ছুটি শুরু হতেই প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত। প্রকৃতির অপার সৌন্দর্য আর ঈদের আনন্দদুই মিলিয়ে পর্যটকদের ভিড়ে মুখর এখন কক্সবাজার সমুদ্র সৈকত। সময় যত গড়াচ্ছে, ততই বাড়ছে মানুষের সমাগম।

ঈদের আগে পর্যটন সংশ্লিষ্টরা জানান, এবার ঈদে ১০ থেকে ১১ লাখ পর্যটক কক্সবাজার ভ্রমণে আসতে পারেন এবং প্রায় শতকোটি টাকার ব্যবসার সম্ভাবনা রয়েছে।

সৈকত ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা সমুদ্র সৈকতের কলাতলী, সুগন্ধা ও লাবণীসহ প্রতিটি পয়েন্টে মনের মতো সময় কাটাচ্ছেন। পরিবারপরিজন ও বন্ধুদের সাথে সমুদ্রস্নান করছেন, পানিতে, জেটস্কিতে চড়ছেন। সাগরের ধারে বাইক আর ঘোড়া রাইড করছেন। সৈকতের বালিয়াড়ি, নীল জলরাশি আর হাওয়ার মিলনে মুহূর্তগুলো যেন আরও আনন্দময় হয়ে উঠেছে পর্যটকদের কাছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More