জুলাই গণঅভ্যুত্থানে শহীদ অজ্ঞাত ১১৪ জনের পরিচয় শনাক্তে মরদেহ উত্তোলন শুরু করেছে সিআইডি।
রবিবার (৭ ডিসেম্বর) সকালে রাজধানী রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে থেকে মরদেহ উত্তোলনের কাজ শুরু করেছে সংস্থাটি।
অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ উপস্থিত থেকে মরদেহ উত্তোলন কার্যক্রম শুরু করেন।
তিনি জানান, ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে শহীদের পরিচয় নির্ধারণ করা হবে। জাতিসংঘের মানবাধিকার সংস্থার (ওএইচসিএইচআর) মাধ্যমে আর্জেন্টিনা থেকে ফরেনসিক বিশেষজ্ঞ লুইস ফন্ডিব্রাইডার ঢাকা এসে পুরো কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক প্রোটোকল, মিনেসোটা প্রোটোকল অনুসরণ করে মরদেহ উত্তোলন, পোস্টমর্টেম, ডিএনএ স্যাম্পলিংসহ প্রতিটি ধাপ সম্পন্ন হবে। আমরা সিটি করপোরেশন, ঢাকা মেডিকেল কলেজ, ফরেনসিক বিশেষজ্ঞ, ডিএমপি, বিভাগীয় কমিশনারসহ সব স্টেকহোল্ডারকে প্রশিক্ষণ দিয়েছি।
সিআইডি প্রধান বলেন, আবেদন অনুযায়ী প্রাথমিকভাবে ১১৪টি কবর চিহ্নিত হয়েছে, যা বাস্তবে কমবেশি হতে পারে। মরদেহ উত্তোলনের পর পোস্টমর্টেম, বোন স্যাম্পল/টিস্যু সংগ্রহ, ডিএনএ প্রোফাইল তৈরি করা হবে। পরিচয় নিশ্চিত হলে ধর্মীয় সম্মান বজায় রেখে আবার পুনঃদাফন করা হবে।
মো. ছিবগাত উল্লাহ আরও বলেন, আন্তর্জাতিক প্রটোকল অনুযায়ী মরদেহের কোনো ছবি বা সংবেদনশীল তথ্য প্রকাশ করা যাবে না। এটি অত্যন্ত সম্মানজনক ও মানবাধিকার সংশ্লিষ্ট কাজ। আগের মতোই আপনাদের সহযোগিতা চাই।
উল্লেখ্য, গত ৪ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পুলিশি আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ উত্তোলনের নির্দেশ দেন। পুলিশের পক্ষ থেকে আদালতে আবেদনটি করেন মোহাম্মদপুর থানা উপপরিদর্শক (এসআই) মাহিদুল ইসলাম।
এসএ