বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল মারা যাওয়ায় আরপিও আদেশ অনুযায়ী সংশ্লিষ্ট আসনের নির্বাচন স্থগিত করেছে ইসি।

শেরপুর(শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল মারা যাওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী সংশ্লিষ্ট আসনের সংসদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, আইনে আছে কোনো বৈধ প্রার্থী মারা গেলে সংশ্লিষ্ট আসনের নির্বাচন স্থগিত রাখা হয়। সেই বিষয়টি নিয়ে আরও তথ্য বিশ্লেষণ করে একটি প্রজ্ঞাপন দেওয়া হবে।

তিনি আরও বলেন, একজন প্রার্থী মারা গেলে পরবর্তী করণীয় আইনে স্পষ্ট আছে। আমরা আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেব।

উল্লেখ্য, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২এর অনুচ্ছেদ ১৭এর ১ উপধারায় বলা হয়েছে, যদি মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোট গ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করেন, তবে সংশ্লিষ্ট আসনের নির্বাচনি কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল বা স্থগিত করতে হবে। এ ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই নির্বাচন কমিশন কর্তৃক ‘বৈধ প্রার্থী’ হিসেবে স্বীকৃত হতে হবে।

প্রার্থীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই আসনের নির্বাচনি কার্যক্রম বাতিলের ঘোষণা দেবেন এবং পরবর্তী সময়ে কমিশন নতুন তফসিল ঘোষণা করবে।

প্রসঙ্গত, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেরপুর(শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল। বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More