
দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি: ইশরাক

‘দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি। বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে’— বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ইশরাক বলেন, ‘বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে, তবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে।’
তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতেই গিয়েই আজকের এই পরিস্থিতি। যেখানে আমাকে মন্ত্রীসভা থেকে দলের ইচ্ছার বিরুদ্ধেই পদত্যাগ করতে হচ্ছে। দল চায়নি আমি নিজে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘এখন থেকে আমি আরও বেশি আগ্রাসী হয়ে মাঠে নামবো, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব।’
এর আগে, আজ সকালে নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে ইশরাক জানান, দুপুরে প্রতিমন্ত্রী‘র পদ থেকে পদত্যাগের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবেন।
উল্লেখ্য, রবিবার (১৮ অক্টোবর) সরকার–সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একাধিক সূত্র থেকে জানা যায়, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রসঙ্গত, শনিবার রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশনসংলগ্ন দয়াগঞ্জ গুন্টিঘর রেলগেট এলাকায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানে যান ঢাকা–৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
তাঁর নিজ ফেসবুক পেজে প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমেই আগ্নেয়াস্ত্র উঁচিয়ে চিৎকার করে বলছেন, ‘এই ধর ধর ধর…।’ তাঁর পাশ থেকে একজনকে বলতে শোনা যায়, ‘একেবারে গুলি করে দেব।’
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা–সমালোচনা শুরু হয়। এ নিয়ে বিএনপি ও সরকারের ভেতরেও অস্বস্তি ও অসন্তোষ তৈরি হয়।
এসএ





