চুয়াডাঙ্গায় নাশকতা মামলায় দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনুসহ ১৭ জনকে জেলা কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৮ মার্চ ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন বিএনপি নেতা-কর্মীরা । পরে আসামিদের জামিন না মঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন আদালতের বিচারক জেলা ও দায়রা জজ জিয়া হায়দার।
আসামি পক্ষের আইনজীবী এমএম শাহজাহান মুকুল জানান, আলোচিত মামলায় কারাগারে পাঠানো ১৭ নেতার জামিনের জন্য উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা পাইলট হাই স্কুল মাঠে অভিযান চালিয়ে বিএনপির ৫ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে ৭টি বোমা সাদৃশ্য বস্তু ও ১৫টি বাঁশের লাঠি উদ্ধার করে পুলিশ। পরদিন ১০ ফেব্রুয়ারি বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫/৩ধারায় ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০/২৫ জনের নামে একটি মামলা দায়ের করেন দামুড়হুদা মডেল থানার উপ-পরিদর্শক সোয়াদ বিন মোবারক। পরে ১৫ ফেব্রুয়ারি উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনুসহ বিএনপির ১৭ নেতাকর্মী।
আল/দীপ্ত