রাজধানীর মগবাজারে ‘নবীন ফ্যাশন’–এর শোরুম বন্ধ করে দেয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সেই সঙ্গে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক এএসআইকে ক্লোজ করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনসের ডিসি মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই ঘটনায় কোনো পুলিশ সদস্যের সংশ্লিষ্টতা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। বর্ণিত পরিস্থিতিতে এরই মধ্যে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ডিএমপি হেডকোয়ার্টার্সে এবং এক এএসআইকে রাজারবাগ পুলিশ লাইনসে সংযুক্ত (ক্লোজ) করা হয়েছে।
এ সংক্রান্ত গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এদিকে, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মগবাজারের নবীন ফ্যাশনের শোরুম জোরপূর্বক বন্ধ করার ঘটনায় পুলিশ কেন নীরব ছিল, তার কারণ দর্শাতে হাতিরঝিল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে দোকানটি খোলারও নির্দেশ দেয়া হয়েছে।
আদালতের আদেশে বলা হয়, একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে প্রকাশিত এক খবরে দেখা যায়, মগবাজারে বিশাল সেন্টার মার্কেটের ‘নবীন’ ব্র্যান্ডের একটি পাঞ্জাবির দোকানে একদল লোক পুলিশসহ উপস্থিত হয়ে দোকান বন্ধ করে দেয়। ঘটনাস্থলে কিছু ব্যক্তিকে উচ্ছৃঙ্খল আচরণ করতেও দেখা যায়। তবে এ সময় পাশে থাকা পুলিশ সদস্যরা নির্লিপ্ত ছিলেন।