নওগাঁর রাণীনগরে পুলিশ অভিযান চালিয়ে আন্ত:জেলা চোরচক্রের পাঁচ জন সক্রিয় সদস্যকে আটক করেছে। এছাড়া একটি চুরি যাওয়া ব্যাটারী চালিত অটো (টমটম) উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, উপজেলার মিরাট ইউপির আতাইকুলা গ্রামস্থ তজের মোড়ে আতাইকুলা–টু–নওগাঁগামী পাকা রাস্তার উপর হতে গত মার্চ মাসের ২৪ তারিখে অজ্ঞাতনামা চোরেরা একটি অটো চুরি করে নিয়ে যায়। অনেক খোঁজাখুজির পর অটো না পেয়ে চুরি যাওয়া অটোর মালিক আতাইকুলা গ্রামের আব্দুর রহমান প্রামাণিকের ছেলে মোতালেব হোসেন (৪০) বাদী হয়ে থানায় মঙ্গলবার (২৫ এপ্রিল) একটি মামলা দায়ের করেন।
এরপর পুলিশ সুপার স্যারের নির্দেশনা মোতাবেক মামলার তদন্তকালে সোমবার (২৪ এপ্রিল) দিবাগত মধ্যরাতে তথ্য প্রযুক্তির ব্যবহার ও গোপনে সংবাদের ভিক্তিতে নওগাঁ সদর থানা পুলিশের সহযোগিতা নিয়ে সদর থানার বনানীপাড়া (মসজিদ সংলগ্ন) এলাকার মাহাতাব হোসেনের ছেলে সুমন হোসেন (২২), একই এলাকার সাইদুল ইসলামের ছেলে রাহাদ (২৪) ও চকদেব নুনিয়াপাড়া এলাকার জাহিদুলের ছেলে রনি (২৪) কে আটক করা হয় এবং তাদের হেফাজত হতে চোরাই কাজে ব্যবহৃত মোটর সাইকেল উদ্ধার ও জব্দ করা হয়।
পরবর্তীতে তাদের দেয়া তথ্য মোতাবেক ২৫ এপ্রিল (মঙ্গলবার ভোররাতে) ভোর ৬ টা ৪৫ মিনিটে চাপাইনবাবগঞ্জ সদর থানার কলোনীপাড়া এলাকা হতে মৃত লিয়াকত আলীর ছেলে শরিফুল ইসলাম (৩৮) ও রেহেইচর (আর্দশপাড়া) এলাকার মৃত রমজান আলীর ছেলে শামীম আহম্মেদ (৩০) কে আটক করা হয় এবং তাদের দেয়া তথ্য মোতাবেক চাপাইনবাবগঞ্জ সদর থানাধীন মহারাজপুর মেলার মোড়স্থ আসামী শামীম আহম্মেদের মা–বাবার দোয়া অটো পার্টস নামক দোকান হতে ২৫ এপ্রিল সকাল ৮টা ৪৫ মিনিটে (মঙ্গলবার সকাল) চুরি যাওয়া বর্ণিত অটোটি উদ্ধার করা হয়।
যূথী/দীপ্ত সংবাদ