শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬
শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিজয় মিছিল না, বাদ জুমা দোয়ার নির্দেশনা তারেক রহমানের

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বিজয় মিছিল না বাদ জুমা দোয়ার নির্দেশনা তারেক রহমানের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ঐতিহাসিক বিজয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ লক্ষ্যে বিজয় মিছিল না করে আজ বাদ জুম্মা সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাতের জন্য দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার দিবাগত রাতে (১৩ ফেব্রুয়ারি) বিএনপির প্রেস উইংয়ের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়।

সর্বশেষ ২৯৯ আসনের মধ্যে ২২৪টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ১৭৫টি আসনে জয় পেয়েছেন। এরমধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে গঠিত হতে পারে আগামী সরকার।

এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরা ৪৫টি আসনে জয়ী হয়েছেন। এছাড়াও অন্যান্য দলের প্রার্থীরা তিনটি আসনে জয় পেয়েছেন।

প্রেস উইং থেকে জানানো হয়, নেতাকর্মীদের কোনো বিজয় মিছিল না করার নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর বদলে শুক্রবার বাদ জুমা মসজিদের বিশেষ দোয়া ও বিভিন্ন উপাসনালয়ে প্রার্থনা আয়োজনের নির্দেশ দিয়েছেন তিনি।

এর আগে বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। এদিন সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার পর ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।

বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আগামীর বাংলাদেশ পুনর্গঠনে ভোটাররা নিজেদের মতামত দিয়েছেন। বিকেল সাড়ে ৪টায় ভোট শেষ হওয়ার পর শুরু হয় গণনা।

প্রসঙ্গত, শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের নির্বাচন কার্যক্রম স্থগিত হওয়ায় এবার ২৯৯ আসনে মোট ২ হাজার ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী ছিলেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More