রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস পড়ে যাওয়ার ঘটনায় ২ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে মরদেহের নাম–পরিচয় জানা যায়নি। ফরিদপুরের সিভিল সার্জন ডা. এস এম মাসুদ জানিয়েছেন, দুই নারীর মরদেহ উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
তিনি বলেন, দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় এখন পর্যন্ত ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার পর দুটি মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস জানায়, গোয়ালন্দ ফায়ার স্টেশনের একটি ইউনিট এবং আরিচা ফায়ার স্টেশনের একটি ডুবুরি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে। ঢাকা ও ফরিদপুর থেকে আরও ২টি ডুবুরি ইউনিট ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়েছে। বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী যান হামজার সহযোগিতায় বাসটি তোলার চেষ্টা চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধারকারী জাহাজ অনেক দেরিতে এসেছে পৌঁছেছে। তাছাড়া ফায়ার সার্ভিস ডুবুরি দলও এক ঘণ্টার বেশি সময় পর উদ্ধার কাজ শুরু করেছেন।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ–সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের বাস ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে। পাটুরিয়া ও আরিচা ঘাট থেকে আমাদের ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করেছে।