নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের একটি বাড়ির ছাদে পানির ট্যাংকি থেকে অবৈধভাবে মজুত করে রাখা ৭৫০ লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় বাড়ি মালিক বসু সেরাং‘কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান।
স্থানীয় সূত্র জানায়, কিছুদিন ধরে বসির সারেং ওরফে বসু সেরাং বাড়ির ছাদের পানির ট্যাংকিতে গোপনে জ্বালানি তেল সংরক্ষণ করা হচ্ছিল। পরে বিষয়টি প্রকাশ্যে এলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যেই এই তেল মজুত করা হয়েছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান জানান, জব্দকৃত ৭৫০ লিটার ডিজেল বাজেয়াপ্ত করে চর হাসান ভূইয়ার হাটবাজারে লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ীর কাছে ডিপো মূল্যে তাৎক্ষণিক নিলামে বিক্রি করা হয়। বিক্রীত অর্থ সরকারি কোষাগার জমা করা হবে।
তিনি আরও জানান, পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী অবৈধভাবে দাহ্য পদার্থ মজুতের দায়ে বসু সেরাং‘কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিক আদায় করা হয়েছে।
এসএ