মৌলভীবাজার জেলার ভানুগাছ–শমশেরনগর রেল স্টেশনের আউটার স্টেশন এলাকা থেকে ‘উপবন এক্সপ্রেস‘ ট্রেনের বিকল ইঞ্জিন সরিয়ে নেয়া হয়েছে। এতে প্রায় ৩ ঘণ্টা পর সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টায় কালনী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন দিয়ে ‘উপবন এক্সপ্রেস‘কে শমশেরনগর রেলস্টেশনে টেনে আনা হয়।
এর আগে, সকাল ৬টায় ঢাকা থেকে সিলেটগামী ‘উপবন এক্সপ্রেস‘ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ–শমশেরনগরের মাঝামাঝি স্থানে (আউটার সিগন্যালে) আটকে যায়। এতে বন্ধ হয়ে যায় সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল।
শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার এএসএম সাগর জানান, উপবন এক্সপ্রেস ট্রেনটি শ্রীমঙ্গল স্টেশন থেকে ছেড়ে আনুমানিক সোয়া ৭টার দিকে শমশেরনগর রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালে আসলে ইঞ্জিন বিকল হয়ে আটকে যায়।
তিনি আরও বলেন, দ্রুততার সঙ্গে সিলেট থেকে নিয়ে আসা কালনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন দিয়ে বিকল উপবন ট্রেনের ইঞ্জিন সরিয়ে রেল লাইন স্বাভাবিক করা হয়েছে।
কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার রোমান আহমেদ জানান, এখন পর্যন্ত কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেনি। ৩০১০ সিরিজের ইঞ্জিন সিলেট থেকে এসে ট্রেনটিকে সামনের দিকে শমসেরনগর স্টেশনে নিয়ে আসলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এসএ