ঢাকা মহানগরীতে ভোট কেন্দ্রগুলোর মধ্যে ৩৭টি ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত‘ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগর এলাকায় ২ হাজার ১৩১টি ভোটকেন্দ্র রয়েছে। ভোটকেন্দ্রের অবস্থান, ভোটার সংখ্যা ও নিরাপত্তা বিবেচনা করে ভোট কেন্দ্রগুলোকে ২টি শ্রেণিতে ভাগ করা হয়েছে। গুরুত্বপূর্ণ ১ হাজার ৬১৪টি ভোট কেন্দ্রে ৪জন করে এবং সাধারণ ৫১৭টি ভোটকেন্দ্রে ৩জন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে।
তিনি বলেন, ৩৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, এই কেন্দ্রগুলোতে ৭জন করে পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। এছাড়া থাকবে বডি ক্যামেরা।
তিনি আরও বলেন, ডিএমপি ২৫ হাজার সদস্যের নির্বাচনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন থাকবে ডিএমপি স্পেশাল রিজার্ভ ফোর্স, বোম ডিজপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড।
মো. সাজ্জাত আলী বলেন, নানা কারণে এবার নির্বাচন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। অতীত নির্বাচনে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে সেই কালিমামুক্ত হতে জাতিকে একটি অর্থবহ ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম নজরুল ইসলাম।
এসএ