চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় ‘তেল নেই’ লিখা ব্যানার টাঙিয়ে জ্বালানি বিক্রি বন্ধ রাখার অভিযোগে ‘নয়ন ফিলিং স্টেশন‘ নামে একটি পেট্রোল পাম্পকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার পুখুরিয়া এলাকায় ওই ফিলিং স্টেশনে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ রোবেল নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ রোবেল বলেন, পাম্পটিতে ‘তেল নেই’ ব্যানার ঝুলিয়ে পাম্পটিতে জ্বালানি বিক্রি বন্ধ রাখা হয়েছিল। তবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মজুত যাচাই করলে দেখা যায়, সেখানে ২ হাজার ৪৮৯ লিটার পেট্রোল এবং ১০ হাজার ৯৪১ লিটার ডিজেল মজুত রয়েছে।
তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে মজুদকৃত জ্বালানি তেল বিক্রি শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯–এর আওতায় পাম্পটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসএ