দেশে এখনও তেলের কোনো সংকট তৈরি হয়নি। তবে উচ্চমূল্যে জ্বালানি আমদানির কারণে সরকারি তহবিলে যে চাপ সৃষ্টি হয়েছে, তাতে দেশের স্বার্থেই শিগগিরই জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিতে হতে পারে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (৩ এপ্রিল) বিকালে চট্টগ্রাম নগরীর আনোয়ারায় কোরিয়ান ইপিজেড–এ এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, আমাদের প্রথম লক্ষ্য হলো জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। এক্ষেত্রে কোনো আপস করার সুযোগ নেই। জ্বালানি সরবরাহ বিঘ্নিত হলে কৃষি ও শিল্প উৎপাদন স্থবির হয়ে পড়বে।
তিনি আরও বলেন, উচ্চমূল্যে জ্বালানি কেনার ফলে সরকারি তহবিলের ওপর যে চাপ সৃষ্টি হয়েছে, তা সামাল দিতে সরকার কঠোর সাশ্রয়ী নীতি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের জন্য ৩০ শতাংশ ‘জ্বালানি তেল রেশনিং‘ করা হয়েছে।
মন্ত্রী বলেন, বৈশ্বিক তেলের সংকট শুধু বাংলাদেশ নয়, আমেরিকাসহ সারা বিশ্বকে প্রভাবিত করছে। দেশের অধিকাংশ তেল মধ্যপ্রাচ্য থেকে আসে এবং সংকট মোকাবিলায় সরকার আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ চালু রেখেছে। সরকার থেকে সাধারণ মানুষ পর্যন্ত সবাইকে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।
এসএ