এক্স অ্যাকাউন্ট (টুইটার) হ্যাক হবার ঘটনায় বঙ্গভবন সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলম‘কে আটক করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী’কে ধন্যবাদ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, আমি আশা করি, এখন ন্যায়বিচারটাও পাব এবং তা খুবই প্রয়োজন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে নিজ ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে জামায়াত আমির এ কথা বলেন।
পোস্টে ডা. শফিকুর রহমান লিখেন, ‘আলহামদুলিল্লাহ, আমার ভেরিফাইড এক্স আইডি (টুইটার), যেখান থেকে হ্যাক হয়েছিল, সেই সংশ্লিষ্ট ব্যক্তিটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছে।’
“আমি আশা করি, এখন ন্যায়বিচারটাও পাব এবং তা খুবই প্রয়োজন। দেশে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ও আসন্ন নির্বাচনকে সুষ্ঠু করার পক্ষে এ ধরনের আইনি উদ্যোগের কোনো বিকল্প নেই। শাস্তি নিশ্চিত হলে অনেকেই সাবধান হয়ে যাবে।”
জামায়াত আমির আরও লিখেন, ‘আশা করি, এখান থেকে অনেকেরই শিক্ষা হবে। অপেক্ষায় রইলাম, আইনের বাস্তব প্রয়োগ দেখার জন্য। অতি অল্প সময়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ।’
উল্লেখ্য, জামায়াত আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট (সাবেক টুইটার) হ্যাক হবার ঘটনায় বঙ্গভবন সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলম‘কে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর রাজারবাগ এলাকা থেকে ছরওয়ারে আলমকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
এসএ