শুক্রবার, মার্চ ২৭, ২০২৬
শুক্রবার, মার্চ ২৭, ২০২৬

ছুটি কাটিয়ে রাজধানীমুখী কর্মব্যস্ত মানুষ, ট্রেন-বাস স্টেশনে ভিড়

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঈদুল ফিতরের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ।

শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশন; সায়েদবাদ, মহাখালী ও গাবতলী বাস স্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়।

দেশের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা ট্রেনগুলোতে অতিরিক্ত যাত্রী চাপ ছিল। অনেককে দাঁড়িয়ে কিংবা দরজার কাছে অবস্থান নিয়েও ঢাকা ফিরতে লক্ষ্য করা গেছে।

রাজধানীমুখী অধিকাংশ বাসই ছিল যাত্রীভর্তি। তবে রাজধানী থেকে বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসট্রেন ও লঞ্চে তেমন চাপ ছিল না।

সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায়, প্ল্যাটফর্মে নেমেই ব্যস্ত হয়ে পড়েছেন ফিরতি যাত্রীরা। কেউ রিকশা, সিএনজি চালিত অটো রিকশা, নগর পরিবহনের বাস কিংবা রাইডশেয়ারিং সেবার মাধ্যমে নিজ নিজ গন্তব্যে ছুটছেন। তবে লাগেজ হাতে ক্লান্ত যাত্রীদের হাসিমুখে স্বস্তির ফেরাও চোখে পড়েছে।

অনেক যাত্রী জানান, ফিরতি যাত্রায় কোনরূপ ভোগান্তি হয়নি। অতিরিক্ত ভিড় হলেও পরিবারের সঙ্গে ঈদের আনন্দ কাটিয়ে নিরাপদে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করছেন যাত্রীরা।

গত ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদ উপলক্ষে সরকারি ছুটি ছিল। এরপর ২৪ ও ২৫ মার্চ সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও আদালত খোলা ছিল। গতকাল ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সরকারি ছুটি ছিল। পরিবহন সংশ্লিষ্টরা জানান আগামীকালও রাজধানীমুখী যাত্রীদের চাপ অব্যাহত থাকবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More