ফেনীর ফুলগাজী উপজেলায় নারিকেল গাছের চারা বিতরণের সময় কৃষি কর্মকর্তাকে গলাধাক্কা দিয়ে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. সেলিমের বিরুদ্ধে।
শনিবার (২৪ জুন) ঘটনাটি জানাজানির পর নানা আলোচনা সমালোচনা শুরু হয়। এক পর্যায়ে ঘটনাটিকে অনাকাঙ্খিত দাবী করে চেয়ারম্যান দু:খ প্রকাশ করেন।
জানা যায়, শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাঝে নারিকেল চারা বিতরণ করছিলেন কৃষি কর্মকর্তা মো. শরিফুল আলম চৌধুরী। খবর পেয়ে ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ঘটনাস্থলে এসে চারা পাওয়াদের তালিকাটি কে বা কারা করেছেন তা জানতে চান এবং তার ইউনিয়নের অতিরিক্ত বরাদ্ধ দাবী করেন। তার কথায় রাজি না হওয়ায় একপর্যায়ে তিনি উত্তেজিত হয়ে কৃষি কর্মকর্তাকে গলাধাক্কা দিয়ে কিল ঘুসি মারতে থাকে। তাৎক্ষণিক ওই কর্মকর্তাকে উদ্ধার করে কৃষকরা কার্যালয়ে পৌঁছে দেন।
অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মো. সেলিম জানান, সেখানে বাকবিতন্ডার ঘটনা ঘটেছে কিন্তু লাঞ্চিত বা মারধর করা হয়নি। তারপরও আমি এ ঘটনায় দু:খ প্রকাশ করেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূঞা বলেন, কৃষি কর্মকর্তাকে মারধরের বিষয়টি শুনেছি। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আল–মামুন/এসএ/দীপ্ত নিউজ