চট্টগ্রাম মেডিকেল কলেজের চার ছাত্রকে হোস্টেলের কক্ষে বেঁধে রেখে নির্যাতনের ঘটনায় মেডিক্যাল কলেজের ৭ ছাত্রকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৬ মার্চ) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এমবিবিএস ৫৯তম ব্যাচের অভিজিৎ দাসকে ৩ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। একই ব্যাচের রিয়াজুল ইসলাম জয়, এমবিবিএস ৬২তম ব্যাচের সাজু দাস ও সৌরভ দেবনাথকে ২ বছরের জন্য এবং একই ব্যাচের মাহিন আহমেদ, জাকির হোসেন সায়েল ও ইব্রাহিম খলিল সাকিবকে দেড় বছরের জন্য বহিষ্কার করা হয়।
বহিষ্কারাদেশ ছাড়াও চট্টগ্রাম মেডিক্যাল কলেজের প্রধান ফটকে সিসি ক্যামেরা স্থাপন ও হোস্টেলগুলোতে একজন হোস্টেল সুপারের পরিবর্তে একাধিক হোস্টেল সুপার নিয়োগ দেয়ার ব্যাপারে একমত হন কমিটির সদস্যরা।
এ বিষয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ অধ্যাপক ডা. সাহেনা আক্তার বলেন, ছাত্র নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত কমিটি প্রমাণ পেয়েছে। তাই অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় তাদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।
৮ ফেব্রুয়ারি রাতে চমেকের প্রধান ছাত্রাবাসের একটি কক্ষে চার ছাত্রকে পেটানোর অভিযোগ ওঠে। ছাত্রশিবিরের রাজনীতিতে যুক্ত সন্দেহে এই চার ছাত্রকে চমেক শাখা ছাত্রলীগের একটি অংশের নেতা–কর্মীরা মারধর করেন বলে অভিযোগ উঠে।
তবে শিক্ষার্থীদের পরিবার থেকে জানানো হয়, এ শিক্ষার্থীরা কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত নন। তারা পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতেন।
অনু/দীপ্ত সংবাদ