ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করলে ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ তৈরি এবং সড়কগুলো প্রশস্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর ইসিবি চত্বরে বিএনপি নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে একটি সুন্দর শহর গড়ে তোলা হবে, যেখানে মানুষ বুক ভরে শ্বাস নিতে পারবে।
তিনি বলেন, ‘ইন–শা–আল্লাহ, আপনাদের দোয়ায় বিএনপি ১২ তারিখে সরকার গঠন করলে শুধু এই এলাকাতেই নয়, সমগ্র ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ তৈরি করব। এই মাঠগুলো তৈরির মূল উদ্দেশ্য হলো, যাতে আমাদের সন্তানেরা খোলা মাঠে খেলাধুলা করতে পারে এবং মুরব্বি ও মা–বোনেরা তাঁদের প্রয়োজন অনুযায়ী বিকালে বা অন্য সময়ে স্বাচ্ছন্দ্যে হাঁটাচলা করতে পারেন।’
তিনি আরও বলেন, ‘বিএনপি সরকার গঠন করলে ইসিবি চত্বর থেকে জসীমউদ্দিন সড়ক পর্যন্ত বিদ্যমান রাস্তাটি প্রশস্ত করা হবে।’
তারেক রহমান বলেন, ‘আমি ছোটবেলা থেকে এই এলাকায় বড় হয়েছি। আমি আপনাদেরই সন্তান। আমি যেহেতু এলাকারই সন্তান, এই এলাকায় ধানের শীষ প্রার্থী হিসেবে আপনাদের কাছে ১২ তারিখ ধানের শীষের পক্ষে ভোট চাই।’
উল্লেখ্য, আসন্ন সংসদ নির্বাচনে গুলশান, বনানী, ঢাকা সেনানিবাস এলাকা নিয়ে গঠিত ঢাকা–১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারেক রহমান।
এসএ