আগামী ১৪ এপ্রিল (মঙ্গলবার) থেকে পর্যায়ক্রমে কৃষক কার্ড বিতরণ করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শুক্রবার (৬ মার্চ) সকালে ‘জাতীয় পাট দিবস ২০২৬‘ উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
রাষ্ট্রপতি বলেন, হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ। শহিদদের আকাঙ্ক্ষায় বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে আমাদের জ্ঞান–বিজ্ঞান–প্রযুক্তিতে আরও সমৃদ্ধ হতে হবে।
তিনি বলেন, অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করতে হবে। গড়ে তুলতে হবে একটি স্বনির্ভর বাংলাদেশ।
‘চাষিদের পাট চাষের আহ্বান জানিয়ে‘ তিনি আরও বলেন, আপনারা উন্নত প্রযুক্তির উচ্চ ফলনশীল চাষ পদ্ধতি অনুসরণ করুন। বাজারের চাহিদা অনুযায়ী নিত্য নতুন আধুনিক মানসম্মত ও ব্যবহার উপযোগী স্বাস্থ্য পণ্য উদ্ভাবনে এগিয়ে আসুন। অল্পমূল্যে পাটের ব্যাগ তৈরি ও বিপণন করুন।
মো. সাহাবুদ্দিন বলেন, সৃজনশীল তরুণ প্রজন্মের প্রতি আহ্বান থাকবে, স্টার্টআপ ও উদ্ভাবনের মাধ্যমে মেড ইন বাংলাদেশ ব্যান্ডিং ও বৈশ্বিক ই–কমার্স প্লাটফর্মে যুক্ত হয়ে নতুন উন্মোচন করুন।
রাষ্ট্রপতি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের পাশেই আছে। দায়িত্ব গ্রহণের ১০ দিনের মাথায় ‘কৃষি ঋণ‘ মওকুফ সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত। গণতান্ত্রিক সরকারের প্রথম ও প্রধান অগ্রাধিকার কর্মসংস্থান তৈরি।
এসএ