আগামী এসএসসিসহ দেশের সকল পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে নকল প্রতিরোধেও নানা পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান তিনি।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে চট্টগ্রাম শিক্ষাবোর্ড আয়োজিত কেন্দ্র সচিবদের এক মতবিনিময় সভায় ভার্চুয়ালী অংশ নেন শিক্ষামন্ত্রী।
চট্টগ্রাম কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় কেন্দ্র সচিবদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, সরকার শিক্ষার মান উন্নয়নে বিভিন্নমুখী উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করতে হবে। বিশেষ করে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও নকল প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে খাতা দেখার মান যাচাই ছাড়াও নকল সরবরাহকারীদের আইনের আওতায় নিয়ে আসার উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।
মতবিনিময় সভায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন, সচিব প্রফেসর ড. এ.কে.এম. সামছু উদ্দিন আজাদ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী উপস্থিত ছিলেন।
রুনা আনসারী/এজে/দীপ্ত সংবাদ