
১ নভেম্বর পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্ট মার্টিন

দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন।
রবিবার (২৫ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ–২ শাখা থেকে জারি করা এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবরীনা রহমান স্বাক্ষরিত চিঠিতে আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ নভেম্বর, ২০২৬ থেকে ১৫ মার্চ, ২০২৭ পর্যন্ত সেন্ট মার্টিন দ্বীপে অবস্থান করতে পারবেন পর্যটকরা। এই সময়ে প্রতিদিন সাড়ে ৩ হাজার পর্যটক দ্বীপটি ভ্রমণ করতে পারবেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী বলেন, ‘নভেম্বরের শুরু থেকে কক্সবাজার থেকে পর্যটকবাহী জাহাজ চলাচলের বিষয়ে একটি পরিপত্র পেয়েছি। আমরাও সেভাবে প্রস্তুতি নিচ্ছি।’
এর আগে, সাম্প্রতিক বছরগুলোয় অক্টোবর থেকে ফেব্রুয়ারির মধ্যে দেশের একমাত্র প্রবাল দ্বীপটিতে প্রতিদিন ২ হাজার পর্যটক ভ্রমণ করতে পারতেন।
এসএ






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।