নির্বাচন–পরবর্তী রাজনৈতিক সৌহার্দ্য ও ইতিবাচক রাজনীতির বার্তা দিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের রমনার বাসায় পৌঁছান তারেক রহমান। সেখানে তারেক রহমানকে স্বাগত জানান মুফতি রেজাউল করীম। এ সময় তার সঙ্গে ছিলেন মহাসচিব (সেক্রেটারি জেনারেল) অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ।
তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
এ সময় ইসলামী আন্দোলনের আমিরের বাসার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নিরাপত্তা এবং সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন–পরবর্তী পরিস্থিতি, রাজনৈতিক সহাবস্থান ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনার লক্ষ্যেই এই সৌজন্য সাক্ষাৎ।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ২১২ আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এ নির্বাচনে ৬৮ আসনে জয়ী হয়েছে জামায়াত।
এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের সংগঠকদের দল এনসিপি পেয়েছে ছয়টি আসন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে একটি আসন।