ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা ইরানের আরও ৩০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এবারের হামলার স্থান ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চল।
রবিবার (১ মার্চ) ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সামরিক গোয়েন্দা বিভাগের নির্দেশনায় বিমানবাহিনীর ডজনখানেক যুদ্ধবিমান অল্প সময় আগে নতুন দফা হামলা সম্পন্ন করেছে। এসব হামলায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করা হয়।
এর আগে এক ভয়াবহ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি ও বার্তা সংস্থা ইরনা। রাষ্ট্রীয় টেলিভিশনের ঘোষণায় বলা হয়, “ইসলামী বিপ্লবের মহান নেতা শাহাদাত বরণ করেছেন।” তার মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ও ৭ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
ইসরাইল আরও জানিয়েছে, ইরানে আকাশ প্রতিরক্ষা স্থাপনা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি, সামরিক সদর দফতর এবং অন্যান্য ‘শাসনব্যবস্থার লক্ষ্যবস্তু’তে হামলা অব্যাহত থাকবে।
ইসরাইলের দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ে গতকাল ভোর রাত থেকে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত পাঁচশর বেশি স্থানে আঘাত হানা হয়েছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় শহর মিনাব–এর একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে হামলার ঘটনায় পঞ্চাশের বেশি শিক্ষার্থী নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, ভারী বোমাবর্ষণ পুরো সপ্তাহজুড়ে অথবা যতদিন প্রয়োজন চলবে।
মার্কিন এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এ হামলা কয়েক দিন ধরে অব্যাহত থাকতে পারে।
অন্যদিকে, ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানা গেছে। ইসরাইলের শহর তেল আবিব ছাড়াও উপসাগরীয় অঞ্চলে কয়েকটি দেশে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি করা হয়েছে। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, কুয়েতের আল সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর–এর সদরদফতর।
বাহরাইন ও কাতারের দোহার পাশাপাশি সৌদি আরবের রাজধানী রিয়াদ–এ বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি–র একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্রের টুকরো পড়ে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।