টানা তৃতীয়বার বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হলো ফুটবল ইতিহাসের অন্যতম পরাশক্তি ইতালি ।
মঙ্গলবার (৩১ মার্চ) প্লে অফ ফাইনালে (ইউরোপ অঞ্চল বাছাই) বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা‘র কাছে টাইব্রেকারে হেরে স্বপ্ন ভঙ্গ হলো ৪বারের বিশ্ব চ্যাম্পিয়নদের।
জেনিৎসার বিলিনো পোলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুটা দারুণ করেছিল ইতালি। প্রথমার্ধের ১৫ মিনিটে ফরোয়ার্ড ময়েস কিনের গোলে এগিয়ে যায় আজ্জুরিরা। তবে ম্যাচের মোড় ঘুরে যায় প্রথমার্ধের শেষদিকে। ৪২ মিনিটে ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনি সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ইতালি। এরপর থেকেই ম্যাচে আধিপত্য বাড়াতে থাকে বসনিয়া।
দ্বিতীয়ার্ধে একজন বেশি থাকার সুবিধা কাজে লাগিয়ে আক্রমণ বাড়ায় স্বাগতিকরা। গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মা একের পর এক সেভ করে দলকে টিকিয়ে রাখলেও শেষ রক্ষা হয়নি। ৮২ মিনিটে এডিন জেকোদের আক্রমণ থেকে সমতা ফেরায় বসনিয়া।
নির্ধারিত ৯০ মিনিটে ১–১ সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো দল গোল করতে না পারায় শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে শুরু থেকেই এগিয়ে যায় বসনিয়া। তাদের প্রথম শট থেকে গোল করেন বেঞ্জামিন তাহিরোভিচ, অন্যদিকে ইতালির হয়ে পিও এস্পোসিতো মিস করেন। শেষ পর্যন্ত ৪–১ ব্যবধানে টাইব্রেকার জিতে বিশ্বকাপ খেলার টিকিট নিশ্চিত করে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা।
উল্লেখ্য. সর্বশেষ ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপ খেলতে পেরেছিলো ইতালি। ২০১৮ (রাশিয়া) ও ২০২২ (কাতার) বিশ্বকাপে যথাক্রমে সুইডেন ও উত্তর মেসিডোনিয়ার কাছে হেরে বিদায় নেয়া ইতালির ইতিহাসে ২০২৬ (যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা) বিশ্বকাপের এই হার আরও একটি কলঙ্ক তিলক যুক্ত করল।
এসএ