জুলাই গণঅভ্যুত্থানে সাভারের আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোসহ সাতজনকে হত্যার দায়ে সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৫ ফেব্রুয়ারি ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
রবিবার (১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন নির্ধারণ করেন।
এর আগে গত ২০ জানুয়ারি রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়।
প্যানেলের অন্য দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
সাবেক সংসদ সদস্য (এমপি) সাইফুল ইসলামসহ মোট ১৬ আসামির বিরুদ্ধে গতবছরের ২১ আগস্ট এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২।
এ মামলায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহিল কাফীসহ ৮ জন গ্রেফতার আছেন, তাদের প্রত্যেকেই পুলিশ বাহিনীর। তবে সাবেক এমপি সাইফুলসহ আটজন এখনো পলাতক আছেন।
মামলায় দেয়া তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুরের দিকে আশুলিয়া থানার সামনে ৫ জন আন্দোলনকারীকে গুলি করা হয়। ঘটনাস্থলে একজন জীবিত ছিলেন, কিন্তু তাকেও বাঁচতে দেওয়া হয়নি।। এছাড়া, ৪ আগস্ট আশুলিয়া থানার সামনে একজনকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে। পরে পুলিশের গাড়িতে এই ছয়জনকে আগুন দিয়ে পুড়িয়ে দেয় পুলিশ।