জ্বালানি সংকট মোকাবিলা এবং সরকারি কৃচ্ছ্রসাধনের উদ্দেশ্যে এ বছর ২৬ মার্চে (মহান স্বাধীনতা দিবস) দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রবিবার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভাকক্ষে অনুষ্ঠিত ‘আইনশৃঙ্খলা পর্যালোচনা এবং মহান স্বাধীনতা দিবস উদযাপন‘ সংক্রান্ত কমিটি সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, প্রথাগতভাবে স্বাধীনতা দিবসে আমরা বর্ণিল আলোকসজ্জা করে থাকি। উদ্ভূত পরিস্থিতিতে এবং ফুয়েল ক্রাইসিস যাতে না হয় ও আমরা যাতে সাশ্রয়ী হতে পারি— সেজন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে, এবার দেশব্যাপী ২৬ মার্চে উপলক্ষ্যে কোনো আলোকসজ্জা করা হবে না। সংশ্লিষ্ট সব দপ্তর, মন্ত্রণালয় এবং জনসাধারণের সবারই আমরা সহযোগিতা কামনা করেছি।
তিনি বলেন, ‘২৫ মার্চ গণহত্যা দিবস পালন করা হবে অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে, অত্যন্ত বেদনার সাথে। সেটা যথাযথ মর্যাদায় আমরা অতীতের মতো করেই পালন করব। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় প্রধান লিড মিনিস্ট্রি হিসেবে এটা পালন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে— আমরা নিরাপত্তার সব বিষয়াদি দেখাশোনা করব।’
সালাহউদ্দিন আহমদ আরও জানান, ‘২৬ মার্চ প্রত্যুষে সাভার স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ— রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, বিরোধী দলীয় নেতা এবং অন্যান্য সামাজিক ও রাজনৈতিক সংগঠনের যে পুষ্পমাল্য অর্পণের বিষয় আছে— সেটা যাতে নিরাপদে সম্পন্ন করা যায় এবং যাতায়াত যাতে সহজতর করা যায় সে বিষয়ে আমরা সমন্বয় করেছি,’ ।
‘সাম্প্রতি বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ও মব‘ প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, আমরা মবের বিষয়ে অত্যন্ত সিরিয়াস। বাংলাদেশ থেকে মব কালচার বিলুপ্ত করা হবে।
এসএ