সোমবার, মার্চ ৯, ২০২৬
সোমবার, মার্চ ৯, ২০২৬

ডিজেল কিনতে গিয়ে ভারতীয় ট্রাকচালক আটক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
শেওলা স্থলবন্দরে অবৈধভাবে ভারতীয় রুপি দিয়ে ডিজেল কেনার চেষ্টার অভিযোগে নিখিল দাস (৪৫) নামে ভারতীয় ট্রাকচালক আটক।

সিলেট জেলার শেওলা স্থলবন্দরে অবৈধভাবে ভারতীয় রুপি দিয়ে ডিজেল কেনার চেষ্টার অভিযোগে নিখিল দাস (৪৫) নামে ভারতীয় ট্রাকচালক আটক করেছে ৫২ বিজিবি ব্যাটালিয়ন।

শনিবার (৭ মার্চ) সীমান্তের দুবাগ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

৫২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক নিখিল দাস (৪৫) ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার কালাইন থানার লক্ষ্মীপুর গ্রামে বসবাস করেন।

৫২ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, শনিবার বিকালে নিখিল দাসের পাথরবোঝাই ট্রাক শেওলা আইসিপি (স্থলবন্দর) দিয়ে বাংলাদেশ প্রবেশ করে। পাথর খালাস শেষে ভারত ফেরার পথে ট্রাকটি জ্বালানি সংকটে পড়ে। এ সময় চালক স্থানীয় ‘নাদিয়া স্টোর’ নামক দোকান থেকে ভারতীয় রুপি দিয়ে ডিজেল কেনার চেষ্টা করেন। গোপন সংবাদ পেয়ে বিজিবি টহল দল তাকে হাতেনাতে আটক করে এবং ট্রাকটি জব্দ করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শনিবার রাতেই মুচলেকা নিয়ে চালক নিখিল দাসকে ছেড়ে দেয়া হয়। রবিবার (৮ মার্চ) বিজিবি হেফাজতে থাকা ট্রাকটিও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ভারত থেকে আসা ডিজেল ভরে নিয়ে যাওয়ার অনুমতি দেয়া হয়।

এ বিষয়ে ৫২ বিজিবি অধিনায়ক বলেন, বর্তমানে বিশ্বজুড়ে জ্বালানি তেলের ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশের তুলনায় ভারতে তেলের দাম বেশি হওয়ায় সীমান্ত দিয়ে তেল পাচারের একটি ঝুঁকি থাকে। প্রতিদিন শেওলা স্থলবন্দর দিয়ে প্রায় ৩ শতাধিক ট্রাক যাতায়াত করে। নিয়ম অনুযায়ী এসব ট্রাকের বাংলাদেশ থেকে তেল কেনার কথা নয়।

তিনি আরও জানান, সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার রোধে বিজিবি কঠোর নজরদারি বজায় রেখেছে। ভারতীয় চালকসহ যারাই অবৈধভাবে তেল সংগ্রহের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More