কাপ্তাই হ্রদে পানির উচ্চতা কমে আসায় বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট বন্ধ করে দেওয়া হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গেটগুলো বন্ধ করা হয়। এ সময় হ্রদে পানির উচ্চতা ছিল ১০৪. ৯৮ ফুট মিন সি লেভেল (এমএসএল)।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় এবং পানি উচ্চতা কমায় বর্তমানে স্পিলওয়ে দিয়ে অতিরিক্ত পানি নিষ্কাশন বন্ধ করা হয়েছে। তবে বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট চালু থাকায় টারবাইনের মাধ্যমে নিয়মিতভাবে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নদীতে নিষ্কাশিত হচ্ছে।
তিনি আরও বলেন, হ্রদের পানি বৃদ্ধি ও আবহাওয়ার ওপর ভিত্তি করে পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী পুনরায় জলকপাট খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে, গত ২৯ আগস্ট কাপ্তাই হ্রদে পানির উচ্চতা দ্রুত বাড়তে থাকায় বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে অতিরিক্ত পানি নিষ্কাশন শুরু করা হয়। ওই দিন রাত ৮টায় প্রতিটি গেট ৬ ইঞ্চি করে খুলে প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হয়েছিল।
পরবর্তীতে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা আরও বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গেট খোলার পরিমাণ বাড়ানো হয়। একপর্যায়ে স্পিলওয়ের গেট সর্বোচ্চ ৩ ফুট পর্যন্ত খোলা রাখা হয়।
কাপ্তাই পিডিবি তথ্য অনুযায়ী, গত ২৯ আগস্ট দুপুর ২টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ৬৪ ফুট এমএসএল।
উল্লেখ্য, কাপ্তাই হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।
এসএ