
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২২ মণ্ডপে দুই হাজার বিজিবি সদস্য মোতায়েন

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে উদযাপন নিশ্চিত করতে যশোরের সীমান্ত এলাকা ও শহরের পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির দক্ষিণ–পশ্চিম রিজিয়ন যশোরের দায়িত্বপূর্ণ এলাকায় মোট ২২২টি মণ্ডপে ২ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে ২৯টি এবং যশোর শহরে ২০টি মণ্ডপে বিজিবি সদস্যরা দিন–রাত টহল, রেকি ও মোবাইল পেট্রোল কার্যক্রম চালাচ্ছেন।
মোতায়েন করা সদস্যরা ৫২টি অস্থায়ী বেইজ ক্যাম্প থেকে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন।
নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এপিসি প্লাটুন ও কে–নাইন ডগ স্কোয়াডও থাকবে বলে জানিয়েছে বিজিবি।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান গণমাধ্যমে বলেন, কোনো দুস্কৃতিকারী যেন উৎসবের পরিবেশ নষ্ট করতে না পারে, এজন্য বিজিবি আগে থেকেই সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি জানান, পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে নিয়মিত মতবিনিময় ও সমন্বয় করা হচ্ছে।
সীমান্ত এলাকায় চোরাচালান, নাশকতা ও অপতৎপরতা রোধেও বিজিবি সতর্ক রয়েছে। পূজা শুরুর আগে থেকেই স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসারের সঙ্গে সমন্বয় করে মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
যেকোনো প্রয়োজনে তাৎক্ষণিক সহায়তা দিতে ৪৯ ব্যাটালিয়ন (যশোর বিজিবি) সদর দপ্তরে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। সীমান্তবর্তী বর্ডার আউটপোস্টগুলোতে (বিওপি) জনবলও বাড়ানো হয়েছে।





