দীপ্ত নিউজ
বাংলাদেশ

১৫ ঘণ্টা পর সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
১৫ ঘণ্টা পর সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ
ছবি: সংগৃহীত

 

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত পেরিয়ে ভারত প্রবেশের পর ভারতীয় নাগরিকদের হাতে আটক হওয়া দুই পুলিশ সদস্যকে প্রায় ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্তে বিজিবি ও বিএসএফ মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর তাদের হস্তান্তর করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এতে বলা হয়, দুপুর ১টা ৩৫ মিনিটে সীমান্তের ২০৫৯ নম্বর পিলারের কাছে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ও বিএসএফ (৪৯ ব্যাটালিয়ন) মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠকে আটক এএসআই ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান‘কে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে দুপুর ১টা ৪২ মিনিটে বিজিবি তাদের বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।

পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর শশীদল বিওপির কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহিন, ব্রাহ্মণপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন এবং শশীদল বিওপির কমান্ডার সুবেদার মোহাম্মদ তাকবীর হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকায় ২০৫৯ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন স্থানে মাদক উদ্ধার অভিযানে যায় পুলিশের একটি দল। এ সময় এক মাদক কারবারিকে ধাওয়া করতে গিয়ে কনস্টেবল রোহিত দেওয়ান অজান্তে সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেন। পরে ভারতীয় কয়েকজন বাসিন্দা তাকে আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করেন। সহকর্মীকে ছাড়িয়ে আনতে গেলে এএসআই ইমরান হোসেনকেও আটক করা হয়।

 

এসএ