দীপ্ত নিউজ
জাতীয়

১০ টাকায় টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
১০ টাকায় টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের বহির্বিভাগে ১০ টাকায় টিকিট কেটে নিজের চোখ পরীক্ষা করিয়েছেন। হাসপাতাল ত্যাগ করার সময় চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে ছবিও তোলেন প্রধানমন্ত্রী।

শনিবার (১৫ জুলাই) সকালে প্রধানমন্ত্রী জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নিজের চোখ পরীক্ষা করান।

চোখের পরীক্ষা শেষে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। তিনি হাসপাতালে উপস্থিত রোগীদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন, তাদের সুস্বাস্থ্যের জন্য দোয়া করেন এবং তিনিও তাদের কাছে দোয়া চান।

এসময় হাসপাতালের সেবায় সন্তোষ প্রকাশ করেন তিনি। বলেন, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে উন্নতমানের চিকিৎসা সরঞ্জাম ও মানসম্মত চিকিৎসক রয়েছে। এখন আর মানুষকে চোখের চিকিৎসা নিতে বিদেশে যেতে হয় না। এটি আন্তর্জাতিক মানসম্পন্ন চক্ষুসেবা কেন্দ্র।

এদিকে প্রধানমন্ত্রী একাধিকবার বলেছেন, তিনি কখনও অসুস্থ হলে যেন বিদেশে না নেয়া হয়। তিনি দেশের মাটিতেই চিকিৎসা নেবেন।

এসময় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আফ/দীপ্ত নিউজ