সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত দুই প্রতিমন্ত্রীর মধ্যে দফতর বণ্টন করা হয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রশাসন শাখা থেকে গতকাল (মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপিকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। অন্যদিকে, নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের দায়িত্ব পেয়েছেন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপি।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, মন্ত্রিপরিষদ বিভাগের গত ১৭ ফেব্রুয়ারির এক আদেশের প্রেক্ষিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তার অধীনে থাকা দুই প্রতিমন্ত্রীর মধ্যে এই দপ্তরগুলো বণ্টনের অভিপ্রায় ব্যক্ত করেছেন। জ্যেষ্ঠ সহকারী সচিব অজিত দেব স্বাক্ষরিত এ আদেশটি অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
আদেশের অনুলিপি এরইমধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব এবং জনপ্রশাসন সচিবসহ সকল সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।