
স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল

শীত শীত লাগছিল স্ত্রীর। তাই দেরি না করে তাকে দুই হাতে জড়িয়ে ধরেন স্বামী। কিন্তু ভালোবাসার সেই স্পর্শের পরই শুরু হয় যন্ত্রণা। ব্যথায় সোজা হয়ে দাঁড়াতেও পারছিলেন না স্ত্রী। পরে হাসপাতালে পরীক্ষা করে দেখা যায়, তার পাঁজরের ৫টি হাড় ভেঙে গেছে, আরেকটিতে ধরেছে চিড়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম মাদারশিপ–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ওই নারী স্বামী‘কে জানান, তার ঠান্ডা লাগছে। স্ত্রীকে উষ্ণতা দিতে স্বামী ওয়াং স্বাভাবিকভাবেই দুই হাত দিয়ে জড়িয়ে ধরেন তাকে। কিন্তু, আলিঙ্গনের সময় হঠাৎ হাড় ভাঙার মতো একটি শব্দ শুনতে পান তিনি। সঙ্গে সঙ্গে ব্যথায় মাটিতে বসে পড়েন তার স্ত্রী। পরে, চেষ্টা করেও আর উঠে দাঁড়াতে পারেননি।
গত ১৯ অক্টোবর, চীনের সংবাদমাধ্যম ‘হুবেই জিংশি‘ লাইভের সঙ্গে কথা বলার সময় ওয়াং জানান, প্রথমে তার স্ত্রী ভেবেছিলেন, হয়তো সামান্য টান লেগেছে।
তাই তীব্র ব্যথা সত্ত্বেও পরদিন সকাল পর্যন্ত অপেক্ষা করেন তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে বুকের সিটি স্ক্যান করার পর চিকিৎসকেরা দেখতে পান, ওই নারীর পাঁজরের ৫টি হাড় ভেঙে গেছে। ষষ্ঠ একটি হাড়েও সূক্ষ্ম চিড় ধরেছে।
চিকিৎসকদের পরামর্শে ওই নারীকে ওষুধ, ব্যথা উপশমের প্যাচ ব্যবহার ও বিশ্রামে থাকতে বলা হয়েছে। তার অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি।
চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে ওয়াং জানান, তার স্ত্রীর হাড় অত্যন্ত ভঙ্গুর হয়ে যাওয়ার মূল কারণ অস্টিওপোরোসিস।
তিনি আরও জানান, তার স্ত্রীর ওজন ছিল ৪৫ থেকে ৫০ কেজির মধ্যে। ওজন নিয়ন্ত্রণে রাখতে প্রায়ই কঠোর খাদ্যনিয়ন্ত্রণ করতেন তার স্ত্রী এবং বিশেষ করে রাতের খাবার বাদ দিতেন। এছাড়া, প্রতিদিন কফি পান করতেন তিনি। খুব কমই বাড়ির বাইরে যেতেন। একই সঙ্গে, রোদ এড়াতে তিনি শরীরও পুরোপুরি ঢেকে রাখতেন।
চিকিৎসকেরা জানান, দীর্ঘ সময় সূর্যের আলো না পেলে শরীরে ভিটামিন ডি–এর ঘাটতি দেখা দিতে পারে। হাড় মজবুত রাখা এবং শরীরে ক্যালসিয়াম শোষণে এই ভিটামিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে, ভিটামিন ডি–এর অভাব হাড় দুর্বল হয়ে যাওয়ার অন্যতম কারণ হতে পারে।
যুক্তরাষ্ট্রের চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ক্লিভল্যান্ড ক্লিনিকের তথ্য অনুযায়ী, অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় এমন একটি রোগ, যাতে হাড়ের ঘনত্ব ও পুরুত্ব কমে যায়। ফলে, হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়ে এবং সামান্য আঘাতেও ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়ে।
উহান এশিয়া হার্ট জেনারেল হাসপাতালের অস্থিশল্য বিশেষজ্ঞ (অর্থোপেডিক ফিজিশিয়ান) ইয়ান ইয়ানসিয়াং বলেন, সাধারণত তরুণ বয়সে শুধু আলিঙ্গনের চাপে পাঁজর ভেঙে যাওয়ার ঘটনা অত্যন্ত বিরল। অস্টিওপোরোসিস থাকলে হাড় দুর্বল হয়ে এমন আঘাতের ঝুঁকি বাড়তে পারে।
এসএ






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।