দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

স্বামীকে গাছে বেঁধে নববধূকে ধর্ষণ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
স্বামীকে গাছে বেঁধে নববধূকে ধর্ষণ
ধর্ষণের মামলায় গ্রেফতার দুই আসামি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে নববধূকে ধর্ষণের মামলায় গ্রেফতার আনোয়ার হোসেন রিয়াদ (২৮) ও জালাল উদ্দিন (২৮) নামের দুই আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বুধবার (২১ জুন) বিকেলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত–২ এর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. এমদাদ এ জবানবন্দি রেকর্ড করেন। পরে আদালতের নির্দেশে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

আসামিরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের একরামুল হকের ছেলে রিয়াদ ও মুছাপুর ক্লোজারের রেগুলেটর মোড়ের আলাউদ্দিনের ছেলে জালাল উদ্দিন।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক এস এম মিজানুর রহমান বলেন, আসামিদের জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। প্রধান আসামিকে গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, বুধবার (১৪ জুন) সকাল ৯টার দিকে মুছাপুর রেগুলেটর এলাকায় স্লুইসগেট বনবিভাগের বাগানের পাশে দাঁড়িয়ে ছবি তোলার সময় জাহাঙ্গীর, রিয়াদ ও জালাল ছুরি বের করে হত্যার ভয় দেখিয়ে নবদম্পতিকে আটক করে। পরে স্বামীকে মারধর করে গামছা দিয়ে গাছে বেঁধে নববধূকে বাগানে নিয়ে জাহাঙ্গীর ও রিয়াদ ধর্ষণ করে এবং স্বামীকে পাহারা দেয় জালাল। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।

ঘটনায় পর রোববার (১৮ জুন) দুপুরে কোম্পানীগঞ্জ থানায় তিনজনকে আসামি করে মামলা করেন নববধূর স্বামী।

 

এ.এস.এম.নাসিম/এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।