লালমনিরহাট জেলার তিস্তা ব্যারেজ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
রবিবার (৩০ আগস্ট) দুপুর ১২টায় তিনি স্ত্রীসহ তিস্তা বাঁধ এলাকা পরিদর্শন করেন। পরে তিস্তা নদীর বর্তমান পরিস্থিতি, নাব্যসংকট ও সেচ প্রকল্পের কার্যক্রম ঘুরে দেখেন।
রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে ছিলেন তার স্ত্রী ডিয়েন ডাও, ডেপুটি চিফ অফ মিশন মেগান বোল্ডিন,
মার্কিন দূতাবাস কর্মকর্তা নিকোল ক্লারিসা বেসনার্ড, সৈয়দ ফাইজুস সালেহিন ও রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ।
পরিদর্শনে তিস্তা বাঁধের নান্দনিক পরিবেশ ও চারপাশের সবুজ প্রকৃতি দেখে মুগ্ধ হন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ও তার স্ত্রী মিসেস ডিয়ান ডাও। তারা তিস্তা বাঁধে দাঁড়িয়ে ছবি তুলেন।
মার্কিন রাষ্ট্রদূতের তিস্তা ব্যারেজ পরিদর্শনকে ঘিরে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
তিস্তা ব্যারেজ উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ একটি সেচ অবকাঠামো। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানী এবং নীলফামারীর ডালিয়া এলাকার মধ্য দিয়ে প্রবাহিত তিস্তা নদীর ওপর এটি নির্মিত। সেচ ও পানি ব্যবস্থাপনায় উত্তরাঞ্চলের কৃষির জন্য ব্যারেজটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
এর আগে, রবিবার সকালে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। ৩ দিনের উত্তরবঙ্গ সফরে তিনি লালমনিরহাট ছাড়াও পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দর্শনীয় স্থান পরিদর্শন করবেন।
উল্লেখ্য, চলতি বছরের ১৫ জানুয়ারি ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেন।
এসএ