সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের গ্যাস সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত গ্যাসে নিহত মানুষের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের স্টেশন রোড এলাকার ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে এ ঘটনা ঘটে।

নিহত আটজনের মধ্যে চারজনের নামপরিচয় জানা গেছে। তারা হলেনসানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭) এবং দুই সহোদর মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। তারা সবাই ভাটিয়ারী এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ইশতিয়াক রহমান জানান, ওই কারখানা থেকে দুই দফায় সাতজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে ছয়জনকে মৃত অবস্থায় আনা হয়েছে। তাদের লাশ মর্গে রাখা হয়েছে। অপরজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে ঘটনাস্থলে আরও দুজনের লাশ রয়েছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর। ফলে ঘটনাস্থল ও হাসপাতালে মিলিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত আটজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

এর আগে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছিলেন। পরে আরও একজনের মৃত্যুর তথ্য পাওয়া যায়।

ইয়ার্ডের ম্যানেজার মোহাম্মদ ইউসুফ সকালে জানিয়েছেন, ‘শুক্রবার ইয়ার্ড বন্ধ রয়েছে। সকাল ৯টার সময় স্ক্র্যাপ এলএনজি জাহাজে একটি ট্যাঙ্ক লিকেজ হয়। এতে স্থানীয় বহিরাগত কিছু লোক তা দেখতে গিয়ে গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। কয়েকজন আহত হয়েছে।’

ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের অ্যাডমিন আসাদুজ্জামান সাইমন বার্তা২৪.কমকে বলেন, ‘আমি দেশের বাইরে মিয়ানমারে আছি। কীভাবে কী হয়েছে, সেটি বিস্তারিত জানি না। শুনেছি, কাজ করার সময় দুজন আহত হলে তাদের বাঁচাতে গিয়ে অন্যরাও আহত হয়েছেন। আমি আরও বিস্তারিত জানার চেষ্টা করছি।’

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মাহমুদা বেগম বলেন, এটি বিস্ফোরণের ঘটনা নয়। বিষাক্ত গ্যাস লিকেজের কারণে হতাহতের ঘটনা ঘটেছে।

তিনি বলেন, ‘বিস্ফোরণের খবর সঠিক নয়। বিষাক্ত গ্যাস লিকেজে তিনজন মারা গেছেন। আহত আছেন কয়েকজন।’

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ মাহবুবুল হাসান বলেন, ‘জাহাজে বিষাক্ত গ্যাস নির্গমনে হতাহতের ঘটনা ঘটেছে। গ্যাস নির্গমনের কারণ এবং সেখানে শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিল কি নাএগুলো আমরা তদন্ত করে দেখছি।’

প্রাথমিকভাবে জানা গেছে, শুক্রবার সকালে ইয়ার্ডে কাজ চলার সময় স্ক্র্যাপ জাহাজের একটি ট্যাঙ্ক থেকে গ্যাস নির্গত হতে দেখা যায়। বিষয়টি দেখতে কয়েকজন স্থানীয় বহিরাগত সেখানে এগিয়ে যান। এ সময় তারা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার পর শিপইয়ার্ড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। গ্যাস লিকেজের কারণ এবং কারখানায় নিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More