সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: ঘোর কাটেনি ‘রহস্যের’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

যিনি চলে গিয়েও কোটি ভক্তের হৃদয়ে রয়ে গেছেন। রুপালি পর্দায় যার উপস্থিতি ছিল ঝড়ের মতো, আর মাত্র ২৫ বছর বয়সেই যার আকস্মিক মৃত্যু থমকে দিয়েছিল পুরো দেশকে। দেখতে দেখতে সেই মৃত্যুর ৩০ বছর পেরিয়ে গেছে। কিন্তু সালমান শাহ কীভাবে মারা গেলেন—আত্মহত্যা, নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল— এই প্রশ্নের উত্তর আজও মেলেনি। তিন দশক ধরে তদন্ত, প্রতিবেদন, নারাজি আর আইনি লড়াই পেরিয়ে সেই রহস্যের জট এবার নতুন করে খুলতে শুরু করেছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর। ঢাকার নিউ ইস্কাটনের বাসায় নিথর অবস্থায় পাওয়া যায় মাত্র ২৫ বছর বয়সী চিত্রনায়ক সালমান শাহকে। দ্রুত তাকে হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সেদিনের সেই মৃত্যু প্রথমে ‘অপমৃত্যু’ হিসেবে নথিভুক্ত হয়েছিল। কিন্তু আজ তিন দশক পরও সেই মৃত্যুরহস্য ঘিরে প্রশ্নের শেষ হয়নি। আজও খোলেনি সেই মৃত্যুরহস্যের জট।

আজ ৬ সেপ্টেম্বর ২০২৬। সালমান শাহর মৃত্যুর ৩০ বছর পূর্ণ হলো।

দীর্ঘ তিন দশকের মাথায় সম্প্রতি এক আসামি গ্রেপ্তার হওয়ায় বিচারের নতুন আশা দেখছে পরিবার। তবে অন্যান্য আসামিরা অধরা থাকায় স্বজনদের মনে জমেছে ক্ষোভ।

দীর্ঘ আইনি লড়াইয়ের পরিপ্রেক্ষিতে গত বছরের ২০ অক্টোবর আদালতের আদেশে রমনা থানায় সালমানের সাবেক স্ত্রী সামীরা হকসহ ১১ জনকে আসামি করে নতুন করে হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম। বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডি।

ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে গত মে মাসে সিআইডির আবেদনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি দেয় আদালত। এই কার্যক্রম পরিচালনার জন্য সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহাকে দায়িত্ব দেওয়া হয়। যদিও বাদীপক্ষ এই আদেশ বাতিলের আবেদন জানালে তা বর্তমানে আদালতে নথিভুক্ত রয়েছে।

এদিকে গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খলনায়ক আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। এরপর তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। ওইদিনই তাকে কারাগারে পাঠানো হয়। ২০ আগস্ট ৭ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে ২৭ আগস্ট তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়। তবে রিমান্ডের অনুমতি মিললেও ডনকে এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক (ইন্সপেক্টর) মজিবুর রহমান।

এদিকে গত ৩০ আগস্ট মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তদন্ত সংস্থা সিআইডি তা দাখিল করতে পারেনি। ফলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা প্রতিবেদন জমা দেওয়ার পরবর্তী তারিখ ২৯ সেপ্টেম্বর ধার্য করেছেন বলে জানান প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) শাহ আলম।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More