এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের সামনে খুব ভালো সময় না, কঠিন সময়৷ যুদ্ধটা আমাদের খুব ক্ষতি করছে। সামনে তেলের দাম বেড়ে যাবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে৷ সেগুলো সয়ে নিয়ে আমাদের আগাতে হবে।
সোমবার (২৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শৃঙ্খলার প্রয়োজনীয়তা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘একটা কথা মনে রাখতে হবে, আমাদের জাতি হিসেবে যদি ওপরে উঠতে হয়, শৃঙ্খলা ছাড়া কেউ ওপরে উঠতে পারবে না। এখন একটা বড় সংকট দেখা দিয়েছে—তেল নাই। যুদ্ধ লাগছে ইরান, আমেরিকা, ইসরায়েল। তেলের সাপ্লাই কম।’
সম্প্রতি একটি পেট্রলপাম্পে ভাঙচুরের ঘটনার নিন্দা জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘আমার ঠাকুরগাঁওতে একটা পেট্রলপাম্প ভেঙে দিলে। কেন? তারা তেল দিতে চায় নাই। তো ভাই, তুমি পাম্পটা ভাঙলে কেন? অভিযোগ থাকলে যারা দায়িত্বশীল আছে, তাদের বলো। পাম্প ভাঙলে কেন? মব আমরা তৈরি করতে দেব না। মবকে আমরা কঠোর হস্তে দমন করব।’
এ সময় দ্রুত ব্যবস্থা নেওয়ায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমি এসপি সাহেবকে ধন্যবাদ দিই যে ওই রাতে সাতজনকে উনি গ্রেপ্তার করছেন। সুতরাং সবাই সাবধান থাকবেন, কোথাও গায়ের জোরে আইনের বাইরে কোনো কাজ করবেন না। এটা আমরা হতে দেব না।’
খাল খনন ও উন্নয়ন কর্মকাণ্ড উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘গোটা বাংলাদেশে এ রকম ২০ হাজার খাল খনন করা হবে। আমাদের তারেক রহমান সাহেব, আমাদের প্রধানমন্ত্রী যেটা বলেন, কাজ করে দেখান। ওই যে কিছুসংখ্যক নেতারা আছে না, যারা বেহেশতে যাওয়ার টিকিট দিচ্ছে। তো বেহেশতে তো নিতে পারল না এবার। আমরা আমাদের কাজ দিয়ে ইনশা আল্লাহ বেহেশতে যাব। আমাদের কাজ দিয়ে ইবাদত করে আমরা ইনশা আল্লাহ বেহেশতে যাবার ব্যবস্থা করব।’