অষ্টম সাফ নারী চ্যাম্পিয়নশিপ (২০২৬)-এ ভারত–বাংলাদেশ ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে দুই দলের অন্দরে।
রবিবার (৩১ মে) ‘বি’ গ্রুপের হাই–ভোল্টেজ ম্যাচে বাংলাদেশ সময় রাত ৮টায় পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে শুরু হবে এই মহারণ।
এই লড়াই শুধু সাফে দুই দলের গ্রুপ–সেরা হওয়ার নয়, দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের দুই শক্তিধর দলের সামর্থ্য যাচাইয়ের মঞ্চও। গুরুত্বপূর্ণ এই ম্যাচে নিজেদের মূল একাদশে দুটি বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ।
মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের রক্ষণভাগের দুর্বলতা কোচ পিটার বাটলারের নজর এড়ায়নি। বিশেষ করে মালদ্বীপের দ্বিতীয় গোলটি হজমের ক্ষেত্রে আফঈদা খন্দকারের ডিফেন্ডিং ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছিল।
আফঈদার জায়গায় আজ রক্ষণভাগের কেন্দ্র সামলানোর বড় দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার মোসাম্মাৎ সুরমা জান্নাত। রক্ষণভাগের পাশাপাশি মাঝমাঠেও বড় শক্তি যোগ হয়েছে লাল–সবুজ শিবিরে। দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার মনিকা চাকমা চোট কাটিয়ে একাদশে ফিরেছেন।
বাংলাদেশ একাদশ: মিলি আক্তার (গোলরক্ষক), মারিয়া মান্ডা (অধিনায়ক), শামসুন্নাহার সিনিয়র, কোহাতি কিসকু, মোসাম্মাৎ মমিতা খাতুন, মনিকা চাকমা, আনিকা রানিয়া সিদ্দিকী, মোসাম্মাৎ সুরভী আক্তার আরফিন, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার জুনিয়র ও মোসাম্মাৎ সুরমা জান্নাত।
এসএ