দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে জরুরি সতর্কতা জারি

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে জরুরি সতর্কতা জারি
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ইন্টারনেটের একটি বড় অংশ পরিচালিত হয় পিএইচপি নামের জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। সম্প্রতি এতে বড় ধরনের দুটি নিরাপত্তা ত্রুটি ধরা পড়েছে, যা নিয়ে আন্তর্জাতিকভাবে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।

২১ অক্টোবর বুধবার এসব ত্রুটি সংশোধনে হালনাগাদ সংস্করণ প্রকাশ করা হলেও, এরই মধ্যে কিছু ওয়েবসাইটে হামলার চেষ্টা শুরু হয়েছে বলে জানিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।

হ্যাকারদের হামলা থেকে বাঁচতে দ্রুত সিকিউরিটি আপডেট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর যারা এখনই আপডেট দিতে পারছে না, তাদের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখার পরামর্শ দিয়েছে বিভিন্ন দেশের সাইবার নিরাপত্তা সংস্থা।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই–ও একই ধরনের সতর্কতা দিয়েছে। তাদের আশঙ্কা, এই ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা দূর থেকে ক্ষতিকর কোড চালাতে পারে। এতে সংবেদনশীল তথ্য ও বিভিন্ন নেটওয়ার্কের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।

সিঙ্গাপুর, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষও এ বিষয়ে সতর্কতা জারি করেছে। পিএইচপিনির্ভর ব্যবসাপ্রতিষ্ঠান, সরকারি সংস্থা ও অন্যান্য প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

অ্যামাজন জানিয়েছে, নিরাপত্তা ত্রুটিগুলো জনসমক্ষে আসার আগেই সেগুলো কাজে লাগানোর চেষ্টা শনাক্ত করেছিল তাদের থ্রেট ইন্টেলিজেন্স দল।

প্রতিষ্ঠানটির ‘ম্যাডপট’ (MadPot) নামের একটি ব্যবস্থা ইন্টারনেটের সঙ্গে যুক্ত বিভিন্ন অবকাঠামোয় সন্দেহজনক কার্যক্রম পর্যবেক্ষণ করে। এই ব্যবস্থার মাধ্যমে সম্ভাব্য হামলার চেষ্টা শনাক্ত করা হয়।

অ্যামাজনের পর্যবেক্ষণে ইঙ্গিত পাওয়া গেছে, ত্রুটিগুলো প্রকাশের আগেই ক্ষতিকর পক্ষ সেগুলো কাজে লাগানোর চেষ্টা করছিল। তবে হামলাকারীরা কীভাবে আগেভাগে এসব ত্রুটি সম্পর্কে জানতে পেরেছিল, তা এখনো স্পষ্ট নয়।

সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, গত ১০ বছরেরও বেশি সময় ধরে লুকিয়ে থাকা এই বিপজ্জনক ত্রুটিগুলো মানুষ নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে খুঁজে বের করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইন্টারনেটের প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইট কোনো না কোনোভাবে পিএইচপি–র ওপর দাঁড়িয়ে আছে। ফলে এই সুযোগ কাজে লাগিয়ে হ্যাকাররা সহজেই মূল সার্ভারের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে বা পুরো সাইট অচল করে দিতে পারে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।