মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দেশ ও জনগণের কল্যাণে সরকারি দল চাইলে জামায়াতে ইসলামী সরকারকে প্রতিটি ক্ষেত্রে সহায়তা করবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সংসদে জনগণের কথা বলে গণতন্ত্রকে প্রাণবন্ত করার প্রত্যাশাও রয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারের আলফালাহ মিলনায়তনে জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

জামায়াত আমির বলেন, অতীতে এ দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সুষ্ঠু ভোট হয়নি। জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। এবার জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। দেশবাসী যে প্রত্যাশা নিয়ে আমাদেরকে ভোট দিয়েছেন, সে প্রত্যাশা পূরণে আমরা কাজ করবো। আমরা আপনাদের ছেড়ে কোথাও যাবো না, সুখেদুঃখে আপনাদের পাশেই থাকবো।

সরকার ও বিরোধী দলের দায়িত্বশীল আচরণে দেশে গণতন্ত্র তার প্রাতিষ্ঠানিক রূপ পাবে আশা প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, আগামীকাল সংসদ সদস্যদের শপথ গ্রহণের থেকে যে নতুন অধ্যায়ের সূচনা হবে, এর মধ্য দিয়ে নতুন ইতিহাস তৈরি হবে। আমরা যদি দায়বদ্ধতার সাথে কাজ করি, চ্যালেঞ্জ যাই থাকুক, আমরা আশা করি এটা উৎরাতে পারবো।

জুলাইকে ধারণ করে জামায়াত পথ চলবে উল্লেখ করে জামায়াত আমির বলেন, পুরো জাতি জুলাইয়ে সংগ্রাম করেছে, হাজার জীবন ও পঙ্গুত্বের মাধ্যমে আমরা ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পেয়েছি। কিন্তু আমরা যদি জুলাইকে ভুলে যাই, তাহলে জুলাই বারবার ফিরে আসবে। যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাইতে মানুষ রক্ত দিয়েছে, সংসদে সে আকাঙ্ক্ষা বাস্তবায়নে কোনো ছাড় আমরা দেবো না।

এ সময় আরও উপস্থিত ছিলেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি এবং ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি, সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More