সরকারি চাকরিতে প্রবেশের বয়স সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর নির্ধারণ করে সংসদে পাস হয়েছে সরকারি চাকরি (সংশোধন) বিল– ২০২৬।
রবিবার (৫ এপ্রিল) বিকালে ‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন–ফাইন্যান্সিয়াল কর্পোরেশনসহ স্ব–শাসিত সংস্থাগুলোতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল, ২০২৬’ শীর্ষক বিলটি সংসদে উত্থাপন করেন জনপ্রশাসন মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
এ সময় অধিবেশন সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
এই আইন অনুযায়ী, বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) সব ক্যাডার এবং বিসিএস বহির্ভূত সব সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা হবে ৩২ বছর। এ ছাড়া স্বায়ত্তশাসিত ও সংবিধাবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন–ফাইন্যানসিয়াল করপোরেশন, স্ব–শাসিত সংস্থাসমূহে চাকরিতে প্রবেশের বয়স ৩২ এবং প্রতিরক্ষা ও আইন শৃঙ্খলা বাহিনীর চাকরিতে স্ব স্ব বিধিমালা বহাল থাকবে।
বিলটির উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে প্রতিমন্ত্রী জানান, শিক্ষিত বেকার যুবকদের দেশ গঠনে আরও বেশি সুযোগ করে দিতে এবং শ্রমবাজারে ইতিবাচক প্রভাব ফেলতে এই বয়সসীমা বাড়ানো হয়েছে। এর আগে ২০২৪ ও ২০২৫ সালে জারিকৃত এ সংক্রান্ত দুটি অধ্যাদেশ রহিত করে সেগুলো স্থায়ী আইনি রূপ দিতেই এই নতুন বিলটি আনা হয়েছে।
এর আগে, ২ দিনের বিরতির পর রবিবার বিকাল সাড়ে ৩টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়।
এসএ