আন্তর্জাতিক পথশিশু দিবসকে সামনে রেখে সমাজসেবা অধিদপ্তরে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডো (LEEDO)-এর উদ্যোগে পথশিশুদের সুরক্ষা ও অধিকার বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) অনুষ্ঠিত এ সভায় পথশিশুদের বিভিন্ন সমস্যা, বিশেষ করে সুরক্ষা ও মৌলিক অধিকার নিশ্চিতকরণে বিদ্যমান প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব, পরিচালক (কার্যক্রম) মোস্তফা মোস্তাকুর রহিম খান, পরিচালক (শিশু সুরক্ষা অধিশাখা, অতিরিক্ত দায়িত্ব) মো. সাজ্জাদুল ইসলাম এবং অতিরিক্ত পরিচালক–১ (বয়স্ক ভাতা শাখা) ফরিদ আহমেদ মোল্লাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে লিডোর নির্বাহী পরিচালক ফরহাদ হোসেন, বোর্ড সদস্য তাওহীদ আহমেদ, প্রোগ্রাম কাউন্সিলর মো. আজিজুর রহমান এবং ‘ইয়াং জারনালিজম চেঞ্জমেকার টিম’–এর ছয়জন শিশু প্রতিনিধি অংশ নেন।
আলোচনা সভায় শিশু প্রতিনিধিরা সরাসরি তাদের জীবনের বিভিন্ন বাস্তব সমস্যা তুলে ধরে। বিশেষ করে জন্ম নিবন্ধন না থাকায় চিকিৎসাসেবা গ্রহণ ও বিদ্যালয়ে ভর্তি হতে পথশিশুরা যে জটিলতার মুখোমুখি হয়, তা গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে।
লিডোর নির্বাহী পরিচালক ফরহাদ হোসেন পথশিশুদের জন্য জন্ম নিবন্ধন প্রক্রিয়া সহজ করার দাবি জানান। জবাবে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান। তিনি শিগগিরই লিডোর কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের আগ্রহও প্রকাশ করেন।
উল্লেখ্য, এই আলোচনা সভার মাধ্যমে লিডোর আয়োজিত চার দিনব্যাপী “আন্তর্জাতিক পথশিশু দিবস ২০২৬” কর্মসূচির উদ্বোধন করা হয়।