রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মীর হাজারীবাগ এলাকায় বাস–লেগুনা মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী নিহত হয়েছেন।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ঘণ্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– লেগুনার যাত্রী আজিজুল ইসলাম (৫৮) ও সাইফুল ইসলাম (৫৫)।
আজিজুল একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। বর্তমানে গেন্ডারিয়া সতীশ সরকার রোডে পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন। তার বাবার নাম সালাম মৃধা। অপরদিকে, সাইফুল ইসলাম একটি মোটর পার্টসের দোকানে কর্মরত ছিলেন। তিনিও গেন্ডারিয়া এলাকায় ভাড়া থাকতেন। তার বাবার নাম লোকমান খন্দকার।
যাত্রাবাড়ী থানা উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন বলেন, মীর হাজারীবাগ ঘুন্টিঘর এলাকায় একটি লেগুনা যাত্রী নামাচ্ছিল। এ সময় ‘বাহাদুর শাহ‘ পরিবহনের একটি বাস সামনে থেকে লেগুনাটিকে জোরে ধাক্কা দেয়। এতে তিনজন আহত হন; পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেয়ার পর দুজন মারা যান।
তিনি আরও বলেন, ঘটনার পরপরই ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং চালক আটক করেছে পুলিশ। লেগুনাটিও পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সকাল সাড়ে ১০টায় হাসপাতালে নেয়ার পর চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এসএ