রেমিট্যান্স এলো সাড়ে ৩৫ বিলিয়ন ডলার, শীর্ষে সৌদি আরব

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশে ৩৫ হাজার ৫৮৯ দশমিক ৩৯ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি হিসাবে এর পরিমাণ প্রায় ৩ হাজার ৫৫৮ কোটি ৯৩ লাখ ডলার।

আগের অর্থবছরের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ৫ হাজার ২৬০ দশমিক ৫৭ মিলিয়ন ডলার বা ১৭ দশমিক ৩৫ শতাংশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনের বৈঠকে সংরক্ষিত আসন-১০-এর সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির তারকা চিহ্নিত প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান তিনি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর পক্ষে সংসদে জবাব দেন প্রতিমন্ত্রী।

সংসদে উপস্থাপিত তথ্যানুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে একক দেশ হিসেবে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে। দেশটি থেকে প্রবাসীরা পাঠিয়েছেন ৫ হাজার ৮৪৮ দশমিক ৮৭ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগের অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানোর শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। ২০২৪-২৫ অর্থবছরে দেশটি থেকে রেমিট্যান্স এসেছিল ৪ হাজার ৭৩৩ দশমিক ১৩ মিলিয়ন ডলার। তবে ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে ৩ হাজার ৩৩ দশমিক ১৫ মিলিয়ন ডলারে নেমে এসেছে। ফলে শীর্ষ রেমিট্যান্স পাঠানো দেশের তালিকায় দেশটি পঞ্চম অবস্থানে নেমে গেছে।

এদিকে আলোচ্য অর্থবছরে সৌদি আরবের পর দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে যুক্তরাজ্য থেকে। দেশটি থেকে প্রবাসীরা পাঠিয়েছেন ৫ হাজার ৭১ দশমিক ৯৯ মিলিয়ন ডলার। তৃতীয় অবস্থানে থাকা সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে ৪ হাজার ৫৮৩ দশমিক ৯১ মিলিয়ন ডলার। মালয়েশিয়া থেকে এসেছে ৩ হাজার ৪০৩ দশমিক ৬৫ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট রেমিট্যান্স এসেছিল ৩০ হাজার ৩২৮ দশমিক ৮১ মিলিয়ন ডলার। ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে ৩৫ হাজার ৫৮৯ দশমিক ৩৯ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ এক বছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৫ হাজার ২৬০ দশমিক ৫৭ মিলিয়ন ডলার বা ১৭ দশমিক ৩৫ শতাংশ।

প্রতিমন্ত্রী নুরুল হক আরও জানান, ২০২৫-২৬ অর্থবছরে ওমান থেকে ২ হাজার ৪৮ দশমিক ১৫ মিলিয়ন, ইতালি থেকে ২ হাজার ৫১ দশমিক ৫৩ মিলিয়ন, কুয়েত থেকে ১ হাজার ৭৬৩ দশমিক ৭৩ মিলিয়ন এবং কাতার থেকে ১ হাজার ৫৫৮ দশমিক ৫৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।

সংশ্লিষ্টরা বলছেন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে রেমিট্যান্স প্রবাহ বাড়ার পাশাপাশি যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া থেকেও প্রবাসী আয় বৃদ্ধির ফলে সামগ্রিক রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More