দেশের প্রবাসী আয়ে (রেমিট্যান্স) ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ২১ দিনেই দেশে ২৩০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার বা ২.৩০ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৯৯ লাখ ডলার।
রবিবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৯১ কোটি ৩০ লাখ ডলার, অর্থাৎ বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি অর্থবছর অর্থাৎ জুলাই থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোট ২ হাজার ১৭৪ কোটি ১০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৬০ শতাংশ বেশি।
এর আগে জানুয়ারি মাসে দেশে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল, যা ছিল দেশের ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। গত ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, যা দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের মধ্যে এক মাসে আসা সর্বোচ্চ আয়।
এছাড়া গত নভেম্বর মাসে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাই মাসে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে।
অন্যদিকে, সদ্য সমাপ্ত ২০২৪–২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন। এটি ছিল দেশের ইতিহাসে কোনো একটি নির্দিষ্ট অর্থবছরে আসা সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।