দীপ্ত নিউজ
জাতীয়

কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান
ছবি: সংগৃহীত

পাবনা জেলার ঈশ্বরদী এলাকায় পৌঁছেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য আনা পারমাণবিক জ্বালানি‘র (ইউরেনিয়াম) নতুন চালান।

বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টা ০৩ মিনিটের দিকে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে জ্বালানিবাহী গাড়িবহরটি প্রকল্প এলাকায় প্রবেশ করে। 

এর আগে, ভোর রাত ৪টা ৫৬ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি রূপপুরের উদ্দেশে রওনা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা এই বহরের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, নিরাপত্তার মধ্যে দিয়ে সকাল ১০টার দিকে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান প্রকল্পে পৌঁছেছে।

২০২৩ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য জ্বালানি দেশে আনা হয়েছিল। চলতি বছরের মে মাসে সেই জ্বালানি পারমাণবিক চুল্লিতে স্থাপন করা হয়।

দীর্ঘ প্রতীক্ষার পর গত‌ ১১ অক্টোবর দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া সফল হয়। পরিকল্পনা অনুযায়ী, প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে আগামী মাসে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। প্রাথমিক পর্যায়ে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের সম্ভাবনা রয়েছে।

১২শ মেগাওয়াট ধারণ সম্পন্ন ২টি ইউনিটের মাধ্যমে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ শুরু হয় ২০১৩ সালে। রাশিয়ার সহযোগিতায় এটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৩ হাজার কোটি টাকার ওপরে।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।