দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

রাঙামাটিতে ৩২ বছরে প্রথম চ্যালেঞ্জে দীপংকর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাঙামাটিতে ৩২ বছরে প্রথম চ্যালেঞ্জে দীপংকর

জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসনে ৩২বছর পর আওয়ামীলীগের মনোনয়নে জেলা আওয়ামী লীগ সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য দীপংকর তালুকদারের বিপক্ষে এমপির দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের সহ–সভাপতি নিখিল কুমার চাকমা।

রবিবার (১৯ নভেম্বর) সকালে দীপংকর তালুকদারের পক্ষে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে।

জেলা আওয়ামীলীগের সহ–সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী,  সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মুছা মাতব্বর, সাংগঠনিক সম্পাদক সাওয়াল উদ্দিন সহ জেলা কমিটির নেতৃবৃন্দ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। অপরদিকে জেলা আওয়ামীলীগের সহ–সভাপতি ও সাবেক পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা দলীয় মনোনয়নের জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

রাজনৈতিক জীবনের ৩২ বছরে এসে প্রথম দলীয় মনোনয়ন পত্র সংগ্রহেই চ্যালেঞ্জের মুখে পড়েছেন দীপংকর তালুকদার। এর আগে রাঙামাটি ২৯৯নং আসন থেকে টানা ছয়টি জাতীয় সংসদ নির্বাচনে একক মনোনয়ন চেয়েছেন ও মনোনীত হয়েছেন দীপংকর।

নিখিল কুমার চাকমা দলীয় মনোনয়ন সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে দীপ্ত নিউজকে বলেন, ‘আজ সকালে দলীয় কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছি। আমি আশাবাদী সৃষ্টিকর্তার আর্শিবাদ ও মাননীয় প্রধানমন্ত্রী রাঙামাটি আসনের দলীয় মনোনয়নে বিষয়টি বিবেচনা করবেন।’

একই দিন সকালে জেলা আওয়ামী লীগ সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য দীপংকর তালুকদারের মনোনয়ন পত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর জানান, ‘দলের পক্ষ থেকে আজ সকালে জেলা আওয়ামী লীগ সভাপতি দীপংকর তালুকদার মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।’

দলীয় সূত্র জানা যায়, ১৯৯১ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন থেকে টানা ছয় বার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করছেন বর্তমান জেলা আওয়ামী লীগ সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য দীপংকর তালুকদার এমপি। ছয়টি নির্বাচনের মধ্যে চারটিতেই বিজয়ী হয়েছেন দীপংকর। বাকি দু’টি নির্বাচনের মধ্যে একটিতে আঞ্চলিক দল ও আরেকটিতে বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছেন। দীপংকর তালুকদার জেলা আওয়ামী লীগ সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্যের পদ ছাড়াও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন।

তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এবারই প্রথম দীপংকর তালুকদার ছাড়াও রাঙামাটি আসন থেকে অন্য কোনো প্রার্থী দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। দীর্ঘ বছর ধরে রাঙামাটি আওয়ামী লীগ ‘পরিবারে’ দীপংকর তালুকদারের একক ‘নিয়ন্ত্রণের’ কারণে কেউ প্রার্থী না হলেও এবারই প্রথম চ্যালেঞ্জর মুখে পড়েছেন তিনি। রাঙামাটি আওয়ামী লীগের পরোক্ষ গ্রুপিং থাকলেও সর্বশেষ জেলা আওয়ামী লীগের ত্রি–বার্ষিক সম্মেলনে দলীয় জেলা সভাপতির পদ নিয়ে নিখিলের সঙ্গে রাজনৈতিক বৈরিতার বিষয়টি প্রকাশ্যে এসেছে। যদিও সেই সম্মেলনে দীপংকর ফের জেলা আওয়ামী লীগের সভাপতি হন। দীর্ঘ রাজনৈতিক জীবনের ৩২ বছরে এসে দলীয় মনোনয়ন পত্র নিয়ে প্রথম চ্যালেঞ্জে পড়েছেন দীপংকর তালুকদার।

 

মিশু দে/মোরশেদ আলম/দীপ্ত নিউজ